১৪ ফেব্রুয়ারি , ২০২১ ১২:৩০
চতুর্থ ধাপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে সিলেটের কানাইঘাট পৌরসভায়। রোববার (১৪ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পৌর নির্বাচনের সকল ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। শীত উপেক্ষা করে সকালেই তারা নিজ নিজ কেন্দ্রে ছুটে আসেন। ভোটারদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
ভোটারদের কয়েকজন জানান, দশম সংসদ নির্বাচনের চেয়ে পৌরসভা নির্বাচনে ভোটারদের আগ্রহ বেশি। রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক নারী ভোটার বলেন, ‘বাড়িতে কাজকর্ম আছে তাই সকাল সকাল ভোট দিতে আসছি। তাড়াতাড়ি ভোট দেয়া শেষে বাড়ি ফিরে গৃহস্থালির কাজ করবো।’
একই চিত্র দেখা যায় উপজেলা পরিষদের কার্যালয়ের ভোটকেন্দ্রে। পৌরসভায় মোট ১৯ হাজার ৪২৭ ভোটার এদিন তাদের পৌরসভার জন্য নতুন মেয়র ও কাউন্সিলর বেছে নেবেন এ নির্বাচনের মধ্য দিয়ে। যাদের মধ্যে মধ্যে পুরুষ ৯ হাজার ৮৮০ জন ও নারী ৯ হাজার ৫৪৭ জন।
পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রের ৫৭টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভায় পুরনো পদ্ধতিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকজন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যেই।
এছাড়া শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। পুলিশ, আনসারের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২১ জন করে পুলিশ ও আনসার এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করছেন।
আপনার মন্তব্য