নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:১০

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ, বাহুবল ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল বাহুবল থানার পশ্চিমরু পশংকর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। আলমগীর চুনারুঘাট উপজেলার বাগারুফ এলাকার আব্দুল আজিজের ছেলে।

একই রাতে সুনামগঞ্জের সদর মডেল থানার মল্লিকপুর ব্রিজ এলাকা থেকে ৪ কেজি গাঁজা জব্দসহ চুনারুঘাট উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে মাদক কারবারি মো. শফিকুল ইসলাম (৩২) ও একই উপজেলার মো. ইয়াকুব মিয়ার ছেলে পাভেল মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয় ।

অপরদিকে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার সদর থানার ১০ নম্বর ইউপির লস্করপুর রেলগেইট থেকে ১৫ কেজি গাঁজা জব্দসহ মো. রাসেল মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে। সে বাহুবল থানার ছিছিরকুট এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।

 

আপনার মন্তব্য

আলোচিত