নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০১৫ ১৩:০২

অপরিকল্পিত ভবন, ছাদে টাওয়ার, হঠাৎ আগুন

আট তলা ভবন। লিফট নেই। অপ্রশস্ত সিঁড়ি। তার উপর ভবনের ছাদে বসানো হয়েছে সউচ্চ টাওয়ার। মোবাইল ফোন কোম্পানির এই টাওয়ারেই আগুন লেগে যায় আজ সকালে। ফলে ভবনের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক-হুড়োহুড়ি। সরু সিড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহতও হন কয়েকজন। আর লিফট না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদেরও।

শুক্রবার সকাল ১০টায় নগরীর জল্লারপাড়ের তামিম টাওয়ারে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ভবনের ছাদে মোবাইল ফোন কোম্পানি সিটিসেলের টাওয়ারে আগুন লেগে যায়। এসময় ভবনের বাসিন্দারা সিটিসেলের কর্মকর্তাদের খবর দিলে আগুনের ব্যাপকতা দেখে তারা পালিয়ে যান। পরে খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এদিকে, হঠ্যাৎ আগুন দেখে ভবনটির বাসিদ্ধাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচলক শহিদুল ইসলাম বলেন, আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আরো কিছু সময় গেলে কোটি টাকার ক্ষতি হতে পারতো। তাছাড়া আগুন ছাদ থেকে ভবনে ঢুকে পড়লে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারতো।

তিনি বলেন, ভবনটি অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে। আট তলা ভবন কিন্তু কোনো লিফট বা এক্সেলেটর নেই। একারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত