২৯ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১৬
ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিদায়াত আজতেহের সাথে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআইয়ের প্রাক্তন সভাপতি হাসিন আহমদ।
সভায় দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা, আমদানি রপ্তানিতে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়ন, পাম্প ওয়েল, বেত শিল্প, পর্যটন শিল্প, পাট শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই এর পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, এসএমসিসিআই সাবেক পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, জুনিয়র চেম্বার সিলেটের সভাপতি মাহদী সালেহীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ওলিউর রহমান সাজন।
সভায় বক্তারা সিলেটের সাথে ইন্দোনেশিয়ার বিভিন্ন ব্যবসায়ের সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা সিলেটের সাথে ইন্দোনেশিয়ার সাথে সরাসরি বিমান যোগাযোগ সুবিধা বৃদ্ধি এবং ভিসা প্রাপ্তি সহজীকরণ হলে এবং মেট্রোপলিটন চেম্বারের সাথে সিলেট ও ইন্দোনেশিয়ার উদ্যোক্তা ব্যবসায়ীদের মতবিনিময় সভার আয়োজন করলে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে বলে মতামত দেন। বক্তারা বিভিন্ন কাঁচামাল আমদানির ক্ষেত্রে ট্যারিফ ও ট্যাক্স সুবিধার বিষটি বিবেচনার জন্য বলেন।
সফররত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিদায়াত আজতেহ সিলেটের আবহাওয়া, বিনিয়োগের পরিবেশ, সম্ভাবনা ও আথিতীয়তায় ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, সিলেটের বিভিন্ন সম্ভাবনায় খাতে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানাবেন।
হিদায়াত আজতেহ সিলেটে পাম্প ওয়েল, বেত শিল্প, পর্যটন শিল্প ও কাগজের তৈরি বেগ শিল্পে অপার সম্ভাবনার কথা বলেন।
রাষ্ট্রদূত দুই দেশের উদ্যোক্তা ব্যবসায়ীদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্য হাসিন আহমদ সিলেট সফররত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিদায়াত আজতেহ ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটে বিভিন্ন খাতে বিদেশী বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তিনি ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে ভূমিকা রাখার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এসএমসিসিআইয়ের পরিচালক হুরায়রা ইফতার হোসেন, আলীমুছ ছাদাত চৌধুরী, রেজাউল হাসান জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ হাসান ফেরদৌস, সফররত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা শাপ্ত উদিয়ান্ত, সিতি আয়ু পরমেশ্বরী, রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা আহমেদ চানিফুদ্দিন, শিনের প্রধান সেক্রেটারি দাউরানা আতিকা দেউয়ি এবং প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য