০২ অক্টোবর, ২০২১ ১৩:৩৩
পর্যটকে মুখরিত গোলাপগঞ্জের কাশবনে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাশবনের পুরো অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা কাশবনের পুরো অংশ আগুন দিয়ে দেয় বলে জানা যায়। কাশবনে আগুন দেওয়ার পর পরই আগুনের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এমন ঘটনার পর নিন্দা ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।
সালমান কাদের নামের এক প্রত্যক্ষদর্শী জানান, কাশবনটির সৌন্দর্য্য উপভোগ করতে শুক্রবার সন্ধ্যার দিকে গেলে সেখানে আগুল জ্বলতে দেখা যায়। এরপর আমি সহ কাশবনে ঘুরতে আসা পর্যটকরা দৌড়ে গিয়ে আগুন নিভাতে সক্ষম হোন।
কিন্তু পরে শুনেছি আরেক দফা কাশবনে আগুন দিয়ে পুরো কাশবনটি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
রাসেল আহমদ নামের আরেকজন জানান, মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে ভাবা যায় না। কাশবনেতো কোন দোষ করেনি তারপরও কেনো কাশবনটি পুড়িয়ে দেওয়া হলো। প্রথমে দর্শনার্থীদের চেষ্টায় কাশবনের আগুন নেভালেও দ্বিতীয় দফা আগুনে পুরো বাগানটি ছাই হয়ে গেছে।
উল্লেখ্য, গোলাপগঞ্জের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের পাশে বালুর উপরে একটি কাশবনের জন্ম হয়। এই কাশবনটির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে পুরো উপজেলার প্রকৃতিপ্রেমিরা এখানে ছুটে আসে। শুক্রবার ছুটির দিনে হাজারো পর্যটকের ঢল নামে কাশবনে।
আপনার মন্তব্য