নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০১৬ ২০:৪১

সেই দেয়ালে নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধের ছবি এঁকে দেবেন ছাত্রলীগ নেতা

তীব্র সমালোচনার পর নিজ উদ্যােগে সিলেট মহিলা কলেজের দেয়ালে মুক্তিযুদ্ধের পেইন্টিং এঁকে দেওয়ার কথা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।

এরআগে এই দেয়ালের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ছবি মুছে দিয়ে রায়হান চৌধুরীর নামে দেয়াল লিখন করা হয়। রবিবার এ নিয়ে 'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ছবি মুছে ছাত্রলীগ নেতার প্রচারণা, ক্ষোভ, অতঃপর...' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।

এই প্রতিবেদন প্রকাশের পর সকল মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এমন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।

সমালোচনার মুখে সোমবার বিকেলে রায়হান চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সিলেট মহিলা কলেজের দেয়াল আমি পূর্বাবস্থায় ফিরিয়ে নেবো। এই দেয়ালে আবার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পেইন্টিং আঁকানোর উদ্যোগ নিয়েছি। আগে যারা এগুলো এঁকেছিলেন তাদের ও শাবির শিক্ষার্থীদের সহযোগীতা নিয়ে আমি এই দেয়াল পূর্বাবস্থায় ফিরিয়ে নেবো।

তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে এই দেয়ালে মুক্তিযুদ্ধের পেইন্টিং আঁকা শুরু হবে।

রায়হান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অবমাননা প্রতিরোধে আমি সবসময়ই সোচ্ছার।

রায়হান বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ছবি মুছে এই দেয়ালে কারা আমার নামে প্রচারণা চালিয়েছিলো তা আমি জানি না। এই বিষয়টি শোনার পরই আমি তা মিটিয়ে ফেলি।

মহিলা কলেজের দেয়ালে মুক্তিযুদ্ধের ছবি আঁকার সাথে সম্পৃক্ত চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন সোমবার সন্ধ্যায় বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌদুরী আমার সাথে যোগাযোগ করেছিলেন। তাঁরা এই দেয়ালে পুণরায় মুক্তিযুদ্ধের ছবি এঁকে দেওয়ার অনুরোধ করেছেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে সিলেটে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনকালে শহীদ মিনারের বিপরীত পাশের মহিলা কলেজের দেয়ালে রং-তুলিতে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ফুটিয়ে তুলেন চিত্রশিল্পীরা।

সম্প্রতি মুক্তিযুদ্ধের এসব পেইন্টিং ও বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নামে এই দেয়ালে প্রচারণা চালানো হয়।

দেয়ালে লেখা হয়- 'জাকির হোসাইন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেটবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এম রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ।'

এনিয়ে রোববার রাতে সিলেটটুডে তে প্রতিবেদন প্রকাশিত হলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আপনার মন্তব্য

আলোচিত