শান্তিগঞ্জ প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৪ ২৩:২২

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। যাদের মধ্য থেকে ২জনকে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণিগঞ্জ বাজারে গণিগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুর রউফ ও ইউপি সদস্য আবদুল আউয়াল পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহতরা হলেন, ইউপি সদস্য আবদুল আউয়াল পক্ষের জাকারিয়া আহমদ ও আবদুর রউফ পক্ষের ফারুক মিয়া। তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে। উভয় পক্ষের অন্যান্য আহতরা হলেন- চান মিয়া, রাফি মিয়া, আনফর আলী, বিল্লাল আহমদ, ইয়াসিন মিয়া, জাহাঙ্গীর আলম, মো. কামাল হোসেন, শামীম আহমদ, আবদুল ওয়াহিদ, জহির মিয়া, মো. মোসাহিদ আলী, আবুল হোসেন, মিজানূর রহমান, একরাম হোসেন ও জোনাব আলী প্রমুখ।

জানা যায়, স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে মাস খানেক ধরে। একাধিকবার উচ্ছৃঙ্খল আচরণ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকরা কয়েকদিন ক্লাসও বর্জন করেন। প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যেও গ্রুপের সৃষ্টি হয়েছে। নানা অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধান শিক্ষক তদবির আলমের বিরুদ্ধে তদন্তও চলছে।

এ নিয়ে রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে থাকা দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪৩ জন আহত হন। এর মধ্যে ৩০ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত