১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৭
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ করা প্রায় ৪ লাখ টাকার সরকারি ওষুধ গন্তব্যে পৌঁছানোর পর বুঝিয়ে দিতে না পারার অভিযোগে ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারি ওষুধ ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে আনার দায়িত্ব দেওয়া হয় ট্রাকচালক অনুপ দেবনাথকে। তাঁর সঙ্গে ছিলেন সহকারী (হেলপার) সজিব মিয়া। ঢাকা মেট্রো-ড-১১-৭৪৫০ নম্বরের ট্রাকে চারটি চালানের ওষুধ বুঝিয়ে দেওয়া হলে তাঁরা সেগুলো গাড়িতে লোড করেন।
গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ট্রাকটি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। পরে ওষুধগুলো হাসপাতালের সরকারি গুদামে নামানোর সময় দুটি চালানের কিছু ওষুধ বুঝিয়ে দিতে ব্যর্থ হন চালক ও তাঁর সহকারী। এর মধ্যে ১২৮৩০ নম্বর চালানের ফেরাস ফিউমারেট ও ফলিক অ্যাসিডের ৭ হাজার ট্যাবলেট এবং ১০৮১৪৭ নম্বর চালানের প্যান্টোপ্রাজল ২০ মিলিগ্রামের তিন কার্টন ওষুধ ছিল। এসব ওষুধের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৩০ টাকা।
ওষুধ বুঝিয়ে দেওয়া নিয়ে স্টোরকিপার ও চালকের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ট্রাকচালক অনুপ দেবনাথ (৩৭) ও তাঁর সহকারী সজিব মিয়া (৩০) কে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া অনুপ দেবনাথ যশোর সদর উপজেলার নলভাঙ্গা বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে। অপরদিকে সজিব মিয়া যশোরের ঝিকরগাছা থানার হাজিরআলী গ্রামের খোকন মিয়ার ছেলে।
এ ঘটনায় স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে চালক ও হেলপারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি ১০ নভেম্বর দায়ের করা হয়। মামলা নম্বর ০৯।
বুধবার (১১ নভেম্বর) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাকচালক অনুপ দেবনাথ। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো। স্টোরকিপার নিজেকে বাঁচাতে তাঁদের ফাঁসিয়েছেন। তাঁরা যা বুঝিয়ে পেয়েছেন, তা-ই বহন করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
অন্যদিকে স্টোরকিপার স্বর্ণা দাশ বলেন, তিনি নিজে ঢাকায় অবস্থান করে চালক ও তাঁর সহকারীর কাছে চালান অনুযায়ী ওষুধ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নবীগঞ্জ হাসপাতালে পৌঁছানোর পর চার কার্টন ওষুধ বুঝিয়ে দিতে পারেননি তাঁরা। এতে সরকারি প্রায় ৪ লাখ টাকার ওষুধের হিসাব পাওয়া যাচ্ছে না। তাঁদের কথাবার্তায় অসংগতি ও সন্দেহ দেখা দেওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মসাৎ হওয়া ওষুধ উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য