১৭ নভেম্বর, ২০২৪ ২৩:২৯
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় কবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সেবা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঘটনাস্থলে আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে কবির হোসেন ছিটকে পড়লে পেছন থেকে ভোলাগঞ্জগামী আরেকটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তবে মোটরসাইকেলে থাকা দুই আরোহী প্রাণে বেঁচে যান।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের ওভারটেককালে চাপা পড়ে মোটরসাইকেলের চালক নিহত হন। তিনি যাত্রী বহন করতেন।
দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে চালক পালিয়েছেন। ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আপনার মন্তব্য