জৈন্তাপুর প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০২৫ ২১:৫১

জৈন্তাপুরে অতিথি পাখি বিক্রির দায়ে জরিমানা

সিলেটের জৈন্তাপুরে প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে অতিথি পাখি বিক্রি ও জবাই করে ফ্রিজে রাখার দায়ে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৬ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটি এলাকায় অভিযান পরিচালনা করে অতিথি পাখি (বালি হাস) উদ্ধার করা হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অভিযানে অংশ নেয়।

এ সময় এই এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট অতিথি পাখি রান্না ও বিক্রির প্রমান পাওয়া যায়। পরে আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্টকে ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। ১০টি রেস্টুরেন্ট হতে ১৫০টি ফ্রিজে রাখা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখি গুলো দরবস্ত অস্থায়ী সেনাক্যাম্পে পুতে রাখা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, বনবিভাগ সিলেট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। এই বাজারের বিভিন্ন রেস্টুরেন্টে জরিমানা আদায়ের পাশাপাশি অন্যান্য রেস্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত