সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০২৫ ২১:৪৯

নগরীতে প্রবাসীর বাসা জবরদখলের চেষ্টার অভিযোগ

সিলেটে এক প্রবাসীর বাসা জবরদখল চেষ্টার অভিযােগ উঠেছে তার ভাড়াটিয়ার বিরুদ্ধে। ভাড়াটিয়া বাসা না ছেড়ে উল্টাে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে নানা ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন বলে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর অভিযােগ করা হয়েছে।

জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ওই বাসার মালিক প্রবাসীর পক্ষে তার বােন আলেয়া খানম এই অভিযােগ করার পর পুলিশ কমিশনার আগামী ১৫ দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপ-পুলিশ কমিশনার (উত্তর)কে নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযুক্তদের থানায় বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে উপস্থিত হওয়ার জন্য বারবার নোটিশ দিলেও তারা সময়ক্ষেপণ করছে। সর্বশেষ রোববার উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা উপ- পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে উপস্থিত হননি।  

বাসা দখল চেষ্টায় জড়িতরা আ'লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, পুলিশ কমিশনার বরাবর অভিযােগে আলেয়া বেগম উল্লেখ করেছেন, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তার যুক্তরাজ্য প্রবাসী ভাই আফসার খাঁন নগরীর কুমারপাড়ার ৪৬ নং টিনসেড সেমি পাকা (ঝর্ণারপাড়) বাসাটি শাহনাজ বেগমের কাছ থেকে ক্রয় করে ভােগদখল করে আসছিলেন। একপর্যায়ে আব্দুল মুকিত ও জামাল উদ্দিন নামের দুই ব্যক্তি ওই বাসাটি মেরামত করে ভাড়া নেয়ার প্রস্তাব দিলে আফসার খাঁন রাজি হন। এরপর থেকে তারা নিয়মিত ভাড়া প্রদান করে আসছিলেন। কিছুদিন আগে পূর্ণাঙ্গ মেরামতের জন্য ভাড়াটিয়া মুকিত ও জামালকে বাসাটি ছেড়ে দেয়ার তাগাদা দেয়া হলে তারা টালবাহানা শুরু করে। একপর্যায়ে ভাড়া দেয়াও বন্ধ করে দেয়।

আলেয়া বেগম, আরও অভিযোগ করেন, ভাড়াটিয়াদের আফসার খাঁনের পক্ষে তিনি বার বার বাসা ছাড়ার তাগাদা দিলে তারা উল্টাে ক্ষিপ্ত হয়ে উঠেন। অজ্ঞাত লােক দিয়ে দিতে থাকে নানা ধরণের হুমকি। একপর্যায়ে বাসা ছাড়ার জন্য তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ওই বাসায় জােরপূর্বক পরিবার নিয়ে অবস্থান করছেন।

এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার মো: শাহরিয়ার আলম বলেন, "বিবাদীপক্ষ গত বৃহস্পতিবার উপস্থিত হওয়ার কথা ছিল। থানা পুলিশও তাদেরকে নোটিশ দিয়েছিল, কিন্তু তারা উপস্থিত হননি। সর্বশেষ রোববার আসার কথা থাকলেও আর আমার কাছে আসেন নি। বারবার সময় ক্ষেপন  করছে। আরেকটি তারিখ দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।"

আপনার মন্তব্য

আলোচিত