০৩ মার্চ, ২০২৫ ২০:৫৭
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে অভিযোগের পরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলা উদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের নৃ-গোষ্ঠির এক নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষণ করেন। পরে আলা উদ্দিন ধর্ষণের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে আসেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার ও ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
তিনি জানান, অযোগকারী নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আপনার মন্তব্য