২৯ ডিসেম্বর, ২০২৫ ০১:১৪
প্রতীকি ছবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও তার চার বছর বয়সী সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— উত্তর বড়ডহর গ্রামের স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাদের একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জুড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।
একই সঙ্গে মা ও চার বছরের শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য