সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল :

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩২

বড়লেখায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের রজত জয়ন্তী উৎসব উদযাপন

ছবি: সংগৃহীত ।

“একতা পুনরুজ্জীবিত করি, আত্মাকে জাগিয়ে তুলি—সবাই মিলে গড়ি এক উন্নত ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খাসি স্টুডেন্ট ইউনিয়ন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগার খাসিয়া পুঞ্জিতে ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্মরণিকা প্রকাশ, স্মৃতিস্তম্ভ উন্মোচন, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

তিনি কেক কেটে রজত জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও গালিব চৌধুরী বলেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে এগোলে দেশকে সহজেই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়। তিনি আরও বলেন, শিক্ষার্থী, তরুণ ও যুবকদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বেনেডিক্ট সুঙ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেনচার তংপের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, কেএসইউ’র সাবেক সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট সুবিমল লিন্ডকিরি, প্রতিষ্ঠাতা সদস্য ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস-এর নির্বাহী পরিচালক এন্টোনি মুখিম, প্রতিষ্ঠাতা সদস্য অরিজেন খংলা, সাবেক সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া, আগার খাসি পুঞ্জির মান্ত্রী সুকমন আমসে প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসইউ সিলেট শাখার সাবেক সহসভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডা. সানডে এলিজাবেথ পঃডুয়েং, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও একই হাসপাতালের আইএমও ডা. ডরিন ম্যাগডালিন পামথেত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাইকেল নংরুম, কেএসইউ সিলেট শাখার সভাপতি মার্কুস পাপাং, সাবেক সাধারণ সম্পাদক রাজু রুপসী, কোষাধ্যক্ষ বিশ্ব বারে সহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, খাসি পুঞ্জির প্রধান এবং খাসি যুব সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ‘শিক্ষা, সাম্য ও ঐক্য’—এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০০ সালে খাসি স্টুডেন্ট ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত