১২ জানুয়ারি, ২০২৬ ২৩:৩৭
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যখন জোটবদ্ধভাবে বিভিন্ন আসনে একক প্রার্থী দিচ্ছে, তখন সিলেটে উল্টোপথে বামপন্থী দলগুলো। বামপন্থী দলগুলো মিলে সম্প্রতি নতুন জোট গঠন করলেও এই জোট সিলেটে একক প্রার্থী বাছাই করতে পারেনি।
বরং সিলেট-১ আসনে বামজোটের তিন দল থেকে তিনজন প্রার্থী হয়েছেন। তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল ও বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস। এই তিন প্রার্থীই আলাদা ভেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরআগে গত ২৯ নভেম্বর ‘গণতন্ত্র কায়েম, ভোটাধিকার নিশ্চিত ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার’ লক্ষ্যে নিয়ে সব বামদলগুলো মিলে গঠিত হয় ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’। দেশের বিভিন্ন স্থানে এই যুক্তফ্রন্ট থেকে একক প্রার্থী দেওয়া হলেও ব্যতিক্রম সিলেটে। এখানে কিছুতেই ঐকমত্যে পৌছতে পারেনি বামপন্থী দলগুলো।
জানা গেছে, এবারের নির্বাচনে ১৫৩টি আসনে প্রার্থী দিয়েছে বামদলগুলো। এরমধ্যে ১৮টি আসনে একাধিক প্রার্থী রয়েছেন। যার মধ্যে সিলেট-১ একটি।
সিলেটের বিভিন্ন বামপন্থী দলের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, একক প্রার্থী দেওয়ার জন্য সিলেটেও দলগুলোর মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তবে কোন দলই ছাড় দিতে রাজি হয়নি। সবাই নিজ দলের প্রার্থীকেই জোটের প্রার্থী করার প্রস্তাব দিয়েছেন। দলগুলোর এই অনমনীয় অবস্থানের কারণে শেষ পর্যন্ত কোন ঐক্য হয়নি।
তবে প্রার্থী নিয়ে ঐকমতে পৌঁছতে না পারা সিলেটে বাম রাজনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে বলে বলে মন্তব্য করেছেন একাধিক বাম নেতা।
এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতসহ বিভিন্ন ইস্যুতে নতুন আত্মপ্রকাশ করা ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এ কেন্দ্রীয় পর্যায়েই মতবিরোধ দেখা দিয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বাসদ (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় কান্তি দাস সিলেটটুডেকে বলেন, একক প্রার্থী দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা আলাদাভাবে নির্বাচন করব।
জোট গঠনের পরও একক প্রার্থী বাছাই করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের জন্য। এটি কোন নির্বাচনী জোট নয়।
সঞ্জয় বলেন, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, যেনতেন ভাবে আসন সমঝোতায় যাব না।
বাসদের প্রার্থী প্রণব জ্যোতি পাল সিলেটটুডেকে বলেন, আমরা চেষ্টা করছি একক প্রার্থী করার। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত চেষ্টা চলবে। জনগণেরও প্রত্যাশা বামদলগুলো থেকে একক প্রার্থী। কিন্তু বাসদ (মার্কসবাদী) প্রার্থী প্রত্যাহারের ব্যাপারে সম্মত নয়।
এ বিষয়ে সিপিবি প্রার্থী আনোয়ার হোসেন সুমন সিলেটটুডেকে বলেন, আমরা চেষ্টা করছিলাম একক প্রার্থী দেওয়ার। কেন্দ্র থেকেও চেষ্টা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি। তবে এখনও চেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, আমরা আশাবাদী শেষ পর্যন্ত নিজেরা সমঝোতায় পৌঁছতে পারব।
প্রসঙ্গত, সিলেট-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবীবুর রহমান, এনসিপির এহতেশাম হক, সিপিবির আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সঞ্জয় দাস, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।
এদের মধ্যে এনসিপির এহতেশাম হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আপনার মন্তব্য