১৩ জানুয়ারি, ২০২৬ ২০:০০
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এ নোটিশ দেন।
এতে বলা হয়, নির্বাচনি প্রচারণার জন্য নির্ধারিত সময়সীমার আগে ১২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬ টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী- সমর্থক নির্বাচনি প্রচারণা চালান।
এসময় নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে ফঅরুকের কর্মী-সমর্থকরা তাদেরকে ঘিরে বিভিন্ন অশ্লীল স্লোগান দেন এবং ভীতি সঞ্চারের উদ্দ্যেশে উচ্চস্বরে কথা বলেন।
ইউএনওর নোটিশে আরও উল্লেখ করা হয়, এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিলে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ইউএনও নিজে ঘটনাস্থলে উপস্থিত হলে মঞ্চে কয়েকজন নেতা বিশেষত সিদ্দিকুর রহমান পাপলু অশালীন আচরণ করেন।
এসময় উবায়দুল্লাহ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দকে অনুষ্ঠান অবিলম্বে শেষ করার অনুরোধ জানানোর পরেও নির্বাচনি প্রচারণা চলমান রাখেন এবং ভোট প্রার্থনা করেন অভিযোগ করে ইউএনওর নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি ব্যতীত উক্ত অনুষ্ঠান আয়োজন, ইউএনওর অনুরোধ এবং আইন ও বিধির তোয়াক্কা না করে আপনি নির্বাচনি প্রচারণা চলমান রাখেন, যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী কেন প্রার্থীতা বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০ টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ নোটিশে উল্লেখ করা হয়।
আপনার মন্তব্য