নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৬ ২৩:৫৮

সিলেটের ৩টি আসন: মাঠে দুজন করে প্রার্থী, এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিএনপি

সিলেট বিভাগের তিনটি আসনে দুজন করে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এসব আসনে দুই প্রার্থীই প্রচার অব্যাহত রেখেছেন।

দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, কৌশলগত কারণে এসব আসনে দুজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত একক প্রার্থী চুড়ান্ত করতে পারেনি বিএনপি। এনিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। অনেক এলাকায় বিিক্তিও দেখা দিয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, খুব শিগগির সিলেট ও সুনামগঞ্জের এই তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০ জানুয়ারির আগেই এসব আসনের একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

জানা গেছে, যেসব আসনে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বা হতে পারে–এমন সম্ভাবনা থেকে ওই সব আসনে দেওয়া বিকল্প প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেবে দলটি। এর বাইরে আরও কয়েকটি আসনে প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, কৌশল হিসেবে সিলেট ও সুনামগঞ্জে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে।

সিলেট জেলার মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দুজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এরমধ্যে প্রথমে মনোনয়ন দেওয়া হয় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে। এরপর জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকেও এ আসনে মনোনয়ন দেওয়া হয়।

২০১৮ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়নে এ আসনে প্রার্থী হয়েছিলেন ফয়সল। সেবার বৈরি পরিস্থিতির মধ্যেও তিনি লক্ষাধিক ভোট পান।

সুনামগঞ্জ-১ আসনে প্রথমে মনোয়ন পান তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল। পরে বিকল্প প্রার্থী করা হয়ে তাহিরপুর উপজেলা পরিষদের আরেক সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে।

সুনামগঞ্জ-২ আসনে প্রথমে মনোনয়ন পান প্রবীন নেতা ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, পরে মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি বিকল্প চিন্তা থেকেই বিকল্প প্রার্থী দিয়েছে। যেসব আসনে সমস্যা তৈরি হতে পারে বলে শঙ্কা থেকেই এই ব্যবস্থা নিয়েছে দল। খুব শিগগির ওই সব আসনের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ আসনেও বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করার চিন্তা বিএনপির। এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনে শুরুতে সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীকে বিএনপি মনোনয়ন দেয়। জনপ্রিয় এই নেতা বয়সের ভারে হাঁটাচলাও করতে পারেন না। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মূলত তাঁর অসুস্থতার কারণেই এ আসনে প্রার্থী পরিবর্তনের পক্ষে দলের শীর্ষ নেতৃত্ব।

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির নেতা সারোয়ার আলম লিটন জানান, নাছির চৌধুরী খুব যোগ্য ব্যক্তি। কিন্তু তাঁর বয়স এবং অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার মতো অবস্থায় তিনি নেই। দলকে জেতাতে হলে তরুণ, জনপ্রিয় এবং কর্মীবান্ধব নেতা হিসেবে বিকল্প প্রার্থী তাহির চৌধুরী এখন সবচেয়ে যোগ্য।

তবে অভিজ্ঞতা ও জনপ্রিয়তা বিবেজনায় নাছির চৌধুরীকেই প্রার্থী করার পক্ষেও স্থানীয় অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত