১৬ জানুয়ারি, ২০২৬ ২২:৪০
সিলেটে যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লোকমান হোসেন নামে নগরের ওই নেতাকে কাজিরবাজার এলাকায় আটক করেন তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটকের পর গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন (৪০) সিলেট জেলা যুবলীগের সহ-সম্পাদক। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যার দিকে সিলেট মহানগরীর কাজিরবাজার এলাকায় সিলেট জেলা যুবলীগের সহ-সম্পাদক লোকমান হোসেনকে আটক করেন। পরে তারা লামাবাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির এসআই আক্কাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ছাত্র-জনতার হাত থেকে উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় লোকমান হোসেন আসামি। গতবছরের ১৮ অক্টোবরের ২০/৪৫৯ নম্বর মামলার এজাহারভূক্ত ৫৫ জন আসামির মধ্যে ৫৪ নাম্বার আসামি তিনি। এর আগেও তাকে কোতোয়ালী থানা পুলিশ তোপখানাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।
লোকমানের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট-২ এর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য