মৌলভীবাজার প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৫

একটি দল গণহারে মামলা দিয়ে এখন মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে: মৌলভীবাজারে নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল। মামলা বাণিজ্য করেছিলো। আর এখন নির্বাচনের মাঠে এসে বলছে মামলা তুলে নেবে। মামলা প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে তারা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে।

আর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে একটি দল।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের এনসিপির প্রার্থী প্রীতম দাশের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

দুপুর দেড়টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন, “১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা ফ্যাসিবাদ চায়, নাকি প্রকৃত গণতন্ত্র চায়।” তিনি ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

নাইদ ইসলাম অভিযোগ করে বলেন, “একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”

‘প্রীতম দাস কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধি নন; তিনি মৌলভীবাজার-০৪ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি, মেহনতি মানুষের প্রতিনিধি ও শ্রমিকের কণ্ঠস্বর’ এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “প্রীতম দাস এই এলাকার জন্য, মৌলভীবাজারের মানুষের জন্য কাজ করে গেছেন। চা–বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট আমলে জেল খেটেছেন। অন্তর্বর্তী সরকার হওয়ার পরও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। ‘

মৌলভীবাজারে হিন্দু-মুসলমান, সুন্নি আলেম, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী-সবাই ঐক্যবদ্ধভাবে শাপলা প্রতীকে ভোট দিয়ে প্রীতম দাসকে জয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত, বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া হয়েছে।

৫ আগস্টের আগের পরিস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আমলে দেশ কী অবস্থার মধ্যে ছিল, আপনারা দেখেছেন। আমরা চাই না বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাক। নতুন বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আগামীকাল বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়। তাহলে কি সেটাই ন্যায়বিচার?

তিনি আরও বলেন, “জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনো তাদের মাথায় রয়ে গেছে। যারা এক সময় গণহত্যা চালিয়েছে, তারা আজ আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, এটি জাতির জন্য ভয়ংকর।”

জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাস-কে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলার জন্য প্রীতম দাসই এই আসনের যোগ্য প্রতিনিধি।

সভা শেষে এনসিপির নেতাকর্মীরা একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য

আলোচিত