বিয়ানীবাজার প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৬ ২৩:৫৭

সিলেট-৬: নির্বাচিত হলে লন্ডনের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন ট্রাক প্রতীকের প্রার্থী জাহিদুর রহমান

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তিনি স্থানীয় প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করতে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবেন এবং এলাকায় সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন। টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবায় তিনি লন্ডনের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলেও জানান।

বিয়ানীবাজার প্রেসক্লাবে আয়োজিত ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিজয়ী হলে প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ, পরিকল্পনামাফিক রাস্তাঘাট সংস্কার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি মনিটরিং সেল গঠন ও দূর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার কাজ বাস্তবায়ন করা হবে। আমরা নতুন প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করব।”

জাহিদুর রহমান আরও বলেন, “লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্থানীয় বেকারত্ব কমাতে মিল-কারখানা স্থাপন এবং নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমি নতুন প্রার্থী হলেও এলাকাবাসী আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং আমি বাকি জীবন এ অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই।”

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আতাউর রহমান। প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম অনুষ্ঠানের পরিচালনা করেন। অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

ভোটারদের প্রতি আহবান জানিয়ে জাহিদুর রহমান বলেন, “ট্রাক প্রতীক শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রতীক। ১২ ফেব্রুয়ারি আমার প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করুন।”

আপনার মন্তব্য

আলোচিত