০২ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:২৩
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী এবং বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম ফয়সল এবং তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
চুনারুঘাট-মাধবপুরের এ দুই এমপি প্রার্থীকে শোকজ নোটিশের বিষয়ে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এ অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নোটিশে আরো বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।
এদিকে, একই আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম ফয়সল এবং তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে সতর্ক করা হয়। নোটিশে বলা হয়- ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গত ১৫ জানুয়ারি তার ছেলে ভোট প্রার্থনা করেছেন। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী ও আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বিনষ্ট করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।
এর আগে গত ৩১ জানুয়ারি এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। যদিও সোমবার (২ ফেব্রুয়ারি) তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়।
আপনার মন্তব্য