০৩ ফেব্রুয়ারি , ২০২৬ ১৫:২৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল নবীগঞ্জ উপজেলার বাউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম হাসান।
গ্রেপ্তারকৃত আবু সিদ্দিক (৫৫) বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন প্রভাবশালী নেতা বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আপনার মন্তব্য