সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০২৬ ১৯:১৪

মুক্তাদীরের পক্ষে মাঠে লুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের পক্ষে সিলেট নগরীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে থেকে ওসমানী শিশু পার্ক পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইলিয়াসপত্নী লুনা।

পথসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। গত কয়েকটি নির্বাচন দেশের মানুষ দেখেছে—কীভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে, কীভাবে রাতের আঁধারে ফলাফল নির্ধারণ করা হয়েছে। এবার জনগণ আর সেই অবস্থা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালীন সিলেটসহ সারা দেশে উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছিল। সিলেটবাসী আজও সেই সময়ের উন্নয়ন ও শান্তির কথা স্মরণ করে। খন্দকার আবদুল মুক্তাদীর একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে সিলেট-১ আসনে উন্নয়ন ও জনগণের কণ্ঠ আবার সংসদে ফিরে যাবে।”

লুনা বলেন, “আমার স্বামী এম. ইলিয়াস আলী আজও নিখোঁজ। কিন্তু তার আদর্শ নিখোঁজ হয়নি, তার রাজনীতি নিখোঁজ হয়নি। সেই আদর্শ নিয়েই বিএনপি আজ মাঠে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সরকার গঠনের জন্য প্রস্তুত।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “ভয় নয়, লোভ নয়—আপনার বিবেকের ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন।”

এসময় তাহসিনা রুশদীর লুনার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মঈনুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, অ্যাডভোকেট রিপন, সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আবদুল কুদ্দুছ, তোফাজ্জল আলম তোফায়েল, আজিম উদ্দিন আজির, মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, জেলা বিএনপি নেতা অর্জন ঘোষ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার,ও ইমাম উদ্দিন, নাজিম উদ্দীন পান্না, যুক্তরাজ্য যুবদল নেতা মিয়া মো. জামিল, জেলা ছাএদল নেতা তানিমুল ইসলাম, রেদওয়ান আহমদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

আপনার মন্তব্য

আলোচিত