১২ ফেব্রুয়ারি , ২০২৬ ০০:২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে নিজের ভোট দিতে পারবেন না সিলেটের ৩ প্রার্থী। এই তিন প্রার্থী যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সে আসনে তাদের ভোট না থাকায় আসন্ন নির্বাচনে তারা নিজের ভোট নিজেকে দিতে পারবেন না।
ভোট না দিতে পাড়া প্রার্থীরা হলেন সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা) আসনের গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। এবং সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
এই প্রার্থীদের নির্বাচনি হলফনামা ভোটার তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনের ট্রাক প্রতীক গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী আকমল হোসেনের ভোটকেন্দ্র তার স্থায়ী ও বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সিলেট-১ আসনে কাস্তে প্রতীকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের ভোট তার স্থায়ী ও বর্তমান ঠিকানা সুনামগঞ্জ জেলায়। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভোটার। তার ভোটকেন্দ্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র জামতলা সুনামগঞ্জ।
সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ভোট তার বর্তমান ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায়। তার ভোটকেন্দ্র সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গালস স্কুল এন্ড কলেজ।
প্রার্থীদের ভোট দেওয়ার ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পিংকি সাহা বলেন, যার ভোট যেখানে তাকে সেখানেই ভোট দিতে হবে। তবে কোনো প্রার্থী যদি তার নির্বাচনি এলাকার ভোটার না হন তবে তিনি আবেদন করলে পোস্টাল ভোট দিতে পারবেন।
এ ব্যাপারে সিলেট-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, আমার ভোট সুনামগঞ্জে। পোস্টাল ভোটের জন্য আবেদন করিনি। যেহেতু সিলেট-১ আসন আমার নির্বাচনি এলাকা তাই ভোট দিতে সুনামগঞ্জ যেতে পারব না।
সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী খবরের কাগজকে বলেন, আমার ভোট সিলেট সিটি করপোরেশনে। পোস্টাল ভোটের জন্য আবেদন করিনি। নির্বাচনের দিন সময়ে হলে সিটি করপোরেশনে ভোট দিয়ে যাব।
আপনার মন্তব্য