১৬ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:১১
তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোমবার শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের শিব মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেন চা শ্রমিকরা।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন চা শ্রমিকরা।
সোমবার দুপুরে মৌলভীবাজার–৪ আসনের শ্রীমঙ্গল উপজেলার শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দিরসহ কয়েকটি চা বাগান এলাকায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় চা শ্রমিকরা বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান-এর জন্যও দোয়া ও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত চা শ্রমিকরা বলেন, তারা চান তারেক রহমান সুস্থ থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করুন। পাশাপাশি চা বাগান এলাকার প্রতিনিধি হিসেবে হাজী মুজিবুর রহমানকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তারেক রহমানের কাছে জোর দাবি জানান তারা।
এ সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বিজয় হাজরা বলেন, “ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আমরা বড় ধরনের আনন্দ মিছিল আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু তারেক রহমান সারাদেশে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়ায় আমরা তা থেকে বিরত থাকি। আজ সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ দিন হওয়ায় আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, চা বাগান এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে আমাদের নির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।”
আপনার মন্তব্য