সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:৫৭

ঢাকা ও দিল্লি দু’জায়গাতেই ‘হ্যারাস’ করা হয়েছে, অভিযোগ সেই মাহদী হাসানের

ফাইল ছবি

ভারতের বিমানবন্দেরে ‘আটকে রাখার’ অভিযোগ তোলা হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান দেশে ফিরেছেন।

বুধবার বিকেলে দেশে ফিরে তিনি ভারতের বিমানবন্দরে তাকে ‘হ্যারাস’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। পাশাপাশি ঢাকার বিমানবন্দরেও জিজ্ঞাসাবাদের মুখে পড়ার কথা বলেছেন।

‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান ফিনল্যান্ডের ভিসা প্রক্রিয়া সারতে ভারতে গেলে মঙ্গলবার সেখানকার ভিসা সেন্টারে তার অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর দিল্লি বিমানবন্দরে পুলিশ আটকে জিজ্ঞাসাবাদ করে বলে অভিযোগ করেন মাহদী। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে এসে মাহদী বলেন, “আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

“আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।”

মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব। গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’– এমন মন্তব্য করে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি জামিনে মুক্তি পান।

বুধবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার পর কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন মাহদী।

তিনি বলেন, “বৈষম্যবিরোধীদের নেতা বলে আমাকে (ভারতে) আটক করা হয়েছিল। আমাকে প্রচণ্ড হ্যারাস করা হয়েছে। ওই জায়গায় আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। অন্য একটা দেশের নাগরিককে যে নিরাপত্তাটা দেওয়া দরকার, তারা সেটা দেয়নি। এগুলোর বিষয়ে আমি বিস্তারিত সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাব।”

মাহদী বলেন, “আমাকে আটকানো হয়েছিল বাংলাদেশেও, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে তারা ক্লিয়ারেন্স দিয়েছে।”

তার কাছে বেশ কয়েক হাজার ডলারের ক্রিপ্টোকারেন্সি পাওয়ার কথা ছড়িয়েছে। এ বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে মেহেদেী বলেন, “এগুলো গুজব, আপনারা তো বুঝতেই পারছেন।”

আপনার মন্তব্য

আলোচিত