১৮ ফেব্রুয়ারি , ২০২৬ ২৩:৫৬
সিলেটে রমজানের শুরুর আগেই লেবুর বাজারে যেনো আগুন লেগেছে। প্রতি হালি লেবু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে কয়েকগুণ। গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল।
বুধবার সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, রিকাবিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতি হালি লেবু ১৫০ টাকা, মাঝারি আকারের লেবু ২০০ টাকা করে বিক্রি হচ্ছে। বড় সাইজের লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি ৩০০ টাকা করে। আর জারা লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, রমজানের জন্য নয়, বরং এখন লেবুর মৌসুম না থাকায় বাজারে সরবরাহ কম তাই দাম অনেকে বেড়ে গেছে।
নগরের আম্বরখানার সবজি ব্যবসায়ী আখতার হোসেন বলেন, এখন লেবুর মৌসুম নয়। বাজারে লেবু পাওয়া যাচ্ছে না। তাই দাম বেড়েছে। চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে।
শিবগঞ্জ এলাকার সবজি ব্যবসায়ী রুমেল মিয়া বলেন, ‘পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। অনেক চাষি রমজানে বেশি দাম পাওয়ার আশায় লেবু ধরে রাখছেন। ফলে সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে।’
এই বাজারে সবজি কিনতে আসা লতিফ হোসেন বলেন, ‘রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। এজন্য রমজান এলেই লেবুর দাম বেড়ে যায়। ব্যবসায়ীরা ইচ্ছে করে সঙ্কট তৈরি করে দাম বাড়িয়ে দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কাজ শুরু করেছি। যেখানে অনিয়মের খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবো।
আপনার মন্তব্য