নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি , ২০২৬ ১৪:০৭

তাহিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, বন্ধ থাকা কার্যালয়ের সাটারের লোহার শিকল ও তালা ভেঙে চার থেকে পাঁচজন যুবক ভেতরে প্রবেশ করেন। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। একই সঙ্গে তাদের বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পলিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

এলাকাবাসী জানায়, ভিডিওতে থাকা যুবকদের মধ্যে মানিক আখঞ্জী, মুক্তার হোসেন আখঞ্জী, জামিনুর আখঞ্জী ও ইমানুর রয়েছেন। তাঁরা র্কাযক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা নোমান বখত পলিন–এর অনুসারী ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

এ ঘটনার বিষয়ে তথ্য নেই বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত