রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

২৬ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:৪৫

জগন্নাথপুরে ঝুঁঁকিপূর্ণ ২ সেতুতে ভোগান্তি

জগন্নাথপুর-চিলাউড়া-স্বজনশ্রী সড়কপথের বিভিন্ন জায়গায় ভাঙন, অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় এবং সড়কপথের চিলাউড়া খালের উপর সেতু ও আমবাড়ী খালের উপর সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন যাতায়াত করছেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যে কোনো সময় সেতুগুলো ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে সেতু দুইটি দিয়ে যানবাহন চালাতে হচ্ছে চালকদের।

সরেজমিনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেখা গেছে, সড়টি জগন্নাথপুর উপজেলার সঙ্গে স্বজনশ্রী হয়ে দিরাই উপজেলার টঙ্গর পর্যন্ত যোগাযোগের প্রধান সড়ক। যার কারণে এ সড়কে ব্যস্ততা সবসময়ই থাকে। সেতু দুইটির কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং সেতুর দুই পাশের অ্যাপ্রোচ ভেঙে গেছে। রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার জনসাধারণকে।

চিলাউড়া গ্রামের মোহন মিয়া বলেন, আমাদের এলাকায় সড়কপথের অনেক জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে এবং দুইটি সেতুর এপ্রোচ ভেঙে গেছে, সেতুটি বিপজ্জনক হয়ে গেছে। এই সেতুগুলো খুবই ঝুঁকিপূর্ণ। জীবন ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করি, এতে দুর্ঘটনার আশংকা থাকে। দৈনন্দিন উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কপথের ভাঙন এবং সেতুগুলো নতুন করে নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল। একই গ্রামের ফারুক আহমেদ বলেন, আমাদের এই সড়কপথে দুইটি সেতু খুবই ঝুঁকিপূর্ণ। চিলাউড়া খালের উপর এবং আমবাড়ি খালের উপর সেতু দুইটি খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও সড়কপথের বিভিন্ন জায়গায় ভাঙন এবং গর্তের কারণে যান চলাচল একেবারে অনুপযোগী হয়ে গেছে। আমরা আতঙ্কের মধ্যে চলাফেরা করি। দিরাই উপজেলার মানুষজন সড়কপথে জগন্নাথপুর উপজেলা হয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করে।

রুমেন আহমেদ বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা সদর এবং জেলা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করি। চলাচলের একটি মাত্র সড়কপথে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। অসুস্থ্য এবং বৃদ্ধ মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কিছুদিন আগে সড়কে দুর্ঘটনায় আহত হয়েছে। আমরা খুবই সমস্যায় আছি। দ্রুত এই সড়কপথের সংস্কার এবং সেতুগুলো নতুন করে নির্মাণের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি।

জগন্নাথপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, জগন্নাথপুর থেকে চিলাউড়া হয়ে স্বজনশ্রী পর্যন্ত সড়কটি বিস্তৃত। চিলাউড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং চিলাউড়া থেকে স্বজনশ্রী পর্যন্ত চার কিলোমিটার সড়কপথ রয়েছে। পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়কপথ মেরামত করা হয়েছে। বাকি যে তিন কিলোমিটার সড়কপথ মেরামত করা হয় নি। মেরামতের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। পূর্বে পাঁচ কিলোমিটার মেরামতের প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ সঙ্কটের কারণে দুই কিলোমিটারের কাজ করা হয়েছে।

তিনি আরও বলেন, চিলাউড়া-স্বজনম্রী পর্যন্ত চার কিলোমিটার সড়কপথে দুইটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে এবং বাকি অংশে সেতু নেই। সেইগুলোর জন্যও প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতু নির্মাণের জন্য গ্রামীণ সেতু রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রস্তাবনা পাঠানো হয়েছিল। এগুলো অনুমোদিত হয়নি। পরবর্তীতে দুইটি প্রকল্পের আওতায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদিত হলে আমরা কাজ করতে পারব।

আপনার মন্তব্য

আলোচিত