২৬ ফেব্রুয়ারি , ২০২৬ ২৩:০৫
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের নাম ও ছবি সম্বলিত বোর্ড থেকে সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর ছবি সরানো নিয়ে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
কে বা কারা এবং কেন সাবেক এই মেয়রের ছবি সরিয়েছে এ প্রশ্ন ওঠেছে।
বুধবার সিসিকের নতুন প্রশাসক আ‘বদুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে গিয়ে আনোয়ারুজ্জামানের ছবি সরানোর বিষয়টি অনেকের নজরে আসে। এরপর আনোয়ারুজ্জামানের ছবিহীন অনার বোর্ডের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা সমালোচার সৃষ্টি হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান ২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। আনোয়ারুজ্জামান যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।
৫ আগস্টের পর তৎকালীন অন্তবর্তী সরকার সিলেটসহ সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী। বিএনপি সরকার গঠনের পর সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের প্রশাসক নিযুক্ত করে। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনে গিয়ে দেখা যায়, মেয়রের কক্ষে মেয়রের ছবি ও নাম সম্বলিত বোর্ডে লাগানো আনোয়ারুজ্জমোনের ছবি নেই। তবে সিসিকের মেয়রের দায়িত্ব পালন করা অপর দুজনের ছবি রয়েছে। তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান এবং বর্তমানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
এদের মধ্যে আরিফুল হক আওয়ামী লীগের মেয়াদেই টানা দুই দফা মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগ দলীয় মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও আওয়ামী লীগ আমলে নির্বাচিত আরিফুল হক চৌধুরীর ছবি বোর্ডে থাকলেও নেই আনোয়ারুজ্জামান চৌধুরীর ছবি।
তবে সিসিকের একাধিক কর্মীর সাথে আলাপ করেও বোর্ড থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীর ছবি কবে এবং কারা সরিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।
এ ব্যাপারে বৃহস্পতিবার সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।
সিসিকের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এ প্রসঙ্গে সিলেটটুডেকে বলেন, আমি কালকেই মাত্র দায়িত্ব নিয়েছি। ছবি সরানোর বিষয়টি আমার নজরে পড়েনি। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো।
সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে থাকায় এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
আপনার মন্তব্য