২৮ ফেব্রুয়ারি , ২০২৬ ০০:১৮
সিলেটে মশার উৎপাত ব্যাপক হারে বেড়েছে। অথচ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মশক নিধন অভিযান চলছে ঢিমেতালে। এতে করে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন।
সিলেটের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তাই দায়িত্ব নিয়ে নিজের প্রথম লক্ষ্য নির্ধারণ করেছেন নগরকে মশামুক্ত করা। সিলেটটুডের সাথে আলাপকালে এমনটিই জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিহীন অবস্থায় রয়েছে সিলেট সিটি করপোরেশন। কর্মকর্তাদের দিয়েই চলছে কার্যক্রম। ফলে বেড়েছে নাগরিক ভোগান্তি। কার্যক্রমেও গতি নেই। এ অবস্থায় বুধবার সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।তিনি নির্বাচিত প্রতিনিধি না হলেও রাজনীতিবিদ হওয়ায় জনগনের সাথে সম্পৃক্ত। ফলে সিসিকের অচলাবস্থা কিছুটা কাটবে বলে আশা নগরবাসীর।
কাইয়ুম চৌধুরীও দিয়েছেন এমন আশ্বাস। বৃহস্পতিবার নিজের কাজের অগ্রাধিকার নিয়ে সিলেটটুডের সাথে আলাপকালে কাইয়ুম চৌধুরী বলেন, নগরে মশক নিধন অভিযান চালানোই আমার প্রথম লক্ষ্য। কারণ মশার উৎপাত ব্যাপক হারে বেড়ে গেছে।
তিনি বলেন, শনিবার থেকে মশক নিধন অভিযান শুরু হবে। এজন্য মশা মারার পর্যাপ্ত সংখ্যক স্প্রে আমাদের কাছে মজুদ রয়েছে। জনবলও আছে। পর্যায়ক্রমে নগরের সব ওয়ার্ডে মশক নিধন অভিযান চলবে।
কাইয়ুম চৌধুরী বলেন, একইসঙ্গে নগরজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়ে ‘গ্রিন ও ক্লিন সিটি’ গড়ার নির্দেশনা দিয়েছেন। আমি সে নির্দেশনা অনুযায়ী কাজ করবো। বর্ষায় আগেই নগরের ঝোপঝাড়, ড্রেন, ছড়া-খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। যাতে বর্ষায় নগরে এডিস মশা বিস্তার লাভ করতে না পারে।
সিলেটটুডের সাথে আলাপকালে সিসিকের নতুন এই প্রশাসক বলেন, বর্ষায় সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। এবার যাতে জলাবদ্ধতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে না হয় তাই আমরা বর্ষার আগেই ড্রেন-খাল পরিষ্কার করবো। যাতে বৃষ্টির পানি সহজেই নদীতে নেমে যেতে পারে। এছাড়া পানি নদীতে নামার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা থাকলে তাও আমরা দূর করবো।
এছাড়া নগরের যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে সিসিকের নিয়মিত কার্যক্রম অবাহত থাকবে।
সবমিলিয়ে একটি বাসযোগ্য নগর গড়াই আমার লক্ষ্য। সব দলমতের মানুষকে নিয়েই আমি কাজ করবো। সবার জন্য কাজ করবো।
মশক নিধনে শুরু হচ্ছে বিশেষ অভিযান: এদিকে, শুক্রবার সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, মশক নিধনে সিলেট নগরীতে বিশেষ অভিযান শুরু হচ্ছে। শনিবার বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
শনিবার বিকেল ৩টায় সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু হবে বিশেষ অভিযান। প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
আপনার মন্তব্য