০৮ মার্চ, ২০২৬ ১৯:৫৭
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতার মতবিনিময় শুরু করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন।
রোববার (৮ মার্চ) দুপুরে কামরুল হাসান চৌধুরী শাহিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদে প্রথম মতবিনিময় সভায় মিলিত হন।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সঞ্চালনা করেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মনিরুজ্জামান মনির।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য গৌছ উদ্দিন, আফতাব উদ্দিন, সেলিম উদ্দিন, নাসিমা বেগম, শিপা রানি দাস, মাওলানা জুবায়ের আহমেদ; আলীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা মুরশেদ চৌধুরী পলু প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান চৌধুরী শাহিন বলেন, রাজনীতি ও পেশাগত কারণে শহরে অবস্থান করলেও এই এলাকার সঙ্গে আমার শেকড়ের সম্পর্ক। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের অনুরোধ ও পরামর্শ দেওয়ার পর আমি প্রথমেই আমার ইউনিয়নের সবার কাছে ছুটে এসেছি। আমি বিশ্বাস করি, যে-কোনো শুভকাজের শুরু নিজ ঘর থেকে করতে হয়।
তিনি বলেন, বিএনপি মাটি ও মানুষের রাজনীতি করে থাকে। মাটি ও মানুষের রাজনীতি মানে শেকড়কে, জন্মস্থানকে সম্মান; সব শ্রেণি-পেশার মানুষের সহায়তা। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গুরুত্বের উল্লেখ করে কামরুল হাসান চৌধুরী শাহিন বলেন, প্রান্তিক মানুষেরা সেবার জন্য ইউনিয়ন পরিষদের কাছে ছুটে আসেন। এখানে এসে মানুষ সেবা পেলে, দেশের সরকারের প্রতি, প্রশাসনের প্রতি তাদের ইতিবাচক ধারণা জন্মায়। সরকারের নেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সহায়তা ধাপে ধাপে এসে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। মানুষ যাতে কোনোভাবে কোনকিছু থেকে বঞ্চিত না হয় এজন্যে আরও সতর্ক দৃষ্টি রাখার জন্যে তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আলীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ছাত্রদলের রাজনীতির সোনালী ফসল কামরুল হাসান চৌধুরী শাহিন। জেলা পরিষদের সভাপতি পদে নির্বাচনের জন্য তিনি প্রথমে শেকড়ের কাছে ছুটে এসেছেন, এটা আমাদের জন্যে গর্বের। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব তাঁকে এগিয়ে নিয়ে যেতে।
সভাপতির বক্তব্যে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু বলেন, জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলির সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন তাঁর গৌরবময় রাজনৈতিক অভিযাত্রায় প্রথমেই নিজের এলাকাকে স্মরণ করেছেন। এটা আমাদের জন্যে আনন্দের। তিনি এই পথ পরিক্রমায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মন্তব্য