১০ মার্চ, ২০২৬ ২৩:৫৮
বিয়ানীবাজারে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৫ মার্চ রাতে নিজ মালিকানাধীন সিএনজি অটোরিক্সায় গ্যাস নিতে এসে ছিনতাইকারীদের কবলে পড়েন গাড়ির মালিক শাহাদাত হোসেন সামাদ। তিনি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। যাত্রী সেজে অন্যত্র যাওয়ার কথা বলে ছিনতাইকারীরা তাকে মুল্লাপুর ইউনিয়নের লাসাইতলা হাওর এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অটোরিক্সাটি ছিনতাই করে তারা পালিয়ে যায়। এ সময় সিএনজির মালিক-চালককে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে সোমবার রাতে সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পূর্বপাড়া গ্রামের সমছ উদ্দিনের ছেলে রাজন আহমদ (৩৫), জকিগঞ্জ উপজেলার নিজগ্রামের মখলিছুর রহমানের ছেলে খায়রুল ইসলাম সরোয়ার (২৮), শাহগলী নিদনপুর এলাকার আতাউর রহমানের ছেলে সালেহ আহমদ সুলতান (৩৫) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে মাহমুদ হোসেন জাহিদ (৩৫)।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য