সুনামগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ, ২০২৬ ২৩:০৯

সুনামগঞ্জে যাদুকাটা নদে নৌকা ডুবি, প্রাণ গেল শিশু সুফিয়ার

প্রতীকি ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদে খেয়া নৌকা ডুবে সুফিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (ঈদের দিন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে তার পরিবারে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সুফিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের সতু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর পূর্বপাড়ে লাউড়েরগড় এবং পশ্চিমপাড়ে মানিগাঁও গ্রাম অবস্থিত। মানিগাঁওয়ে সুফিয়ার নানাবাড়ি। ঈদের দিনে ছোট দুই ভাইকে নিয়ে নানাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সে খেয়া নৌকায় ওঠে। লাউড়েরগড়-শিমুলবাগান এলাকায় নদ পারাপারের সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় মাঝনদীতে গিয়ে সেটি হেলে পড়ে ডুবে যায়। এতে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সুফিয়া নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কারণে নৌকায় স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী ছিল। নৌকাটি হেলে পড়ে ডুবে গেলে অনেককে উদ্ধার করা হলেও সুফিয়াকে বাঁচানো যায়নি। তবে তার দুই ছোট ভাই প্রাণে রক্ষা পেয়েছে।

তাহিরপুর থানার এসআই দীপক দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত