নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩

সিলেটে হচ্ছে আরও একটি আধুনিক স্টেডিয়াম

সিলেটে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের টুকের বাজার এলাকার শাহ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রায় ১৫ একর জমিতে এ স্টেডিয়াম নির্মাণ করা হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতেই এ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সিউকের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর (প্রিন্স)। তারা প্রকল্পের কারিগরি দিক ও ভূমির সার্বিক বিষয় পর্যালোচনা করেন এবং প্রস্তাবিত ১৫ একর জমির মধ্যে শাহ খুররাম ডিগ্রি কলেজ ও স্টেডিয়ামের সীমানা নির্ধারণ করে একটি ডিপিপি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভা ও স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৬নং টুকেরবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান, গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৮নং ওয়ার্ড বিএনপি আহবায়ক শাহজাহান আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপি আহবায়ক চান মিয়া বাচ্চু, কবির উদ্দিন আহমদ, গণপূর্ত বিভাগ সিলেট উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সারথি দত্ত, উপ-সহকারী প্রকৌশলী রিপন দেব প্রমুখ।

প্রসঙ্গত, সিলেট জেলা স্টেডিয়াম ও বিভাগীয় স্টেডিয়াম নামে সিলেটে এখন দুটি স্টেডিয়াম রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত