১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩৩
গোয়াইনঘাট থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট থানার প্রধান ফটকে বিক্ষোভ, স্লোগান ও ভাঙচুরের চেষ্টা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়ে থানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের লোক মিছিল নিয়ে থানার প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও থানার সামনে বেশ কয়েকজনকে উত্তেজনাকর পরিস্থিতিতে দেখা যায়।
অভিযোগ উঠেছে, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে বাধা সৃষ্টি হওয়ায় রাজনৈতিক সংগঠনের পরিচয় ব্যবহার করে থানার সামনে এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে বালুমহাল, পাথর উত্তোলন এবং বিভিন্ন অনৈতিক সুবিধা আদায়ে বাধার মুখে পড়েই একটি পক্ষ এমন পরিস্থিতি তৈরি করেছে।
এমনকি, থানার সামনে এ কর্মসূচির বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। ফলে কয়েকজনের ব্যক্তিগত ক্ষোভকে কেন্দ্র করে দলীয় পরিচয় ব্যবহারে করে এ পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাদের একটি অংশ।
স্থানীয় একটি পক্ষের দাবি, সম্প্রতি রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে শিক্ষা সফরের নামে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের উপস্থিতি ও সভা আয়োজনের বিষয়টি নিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা নিয়ে কয়েকজন অসন্তোষ প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই থানার সামনে বিক্ষোভ ও উত্তেজনা ছড়ানো হয়।
তবে স্থানীয় আরেকটি পক্ষের দাবি, এ ঘটনার পেছনে রয়েছে লেংগুড়া ইউনিয়নের বালুমহালকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব। অবৈধ বালু উত্তোলনে বাধা, ব্যক্তিগত তদবির এবং অনৈতিক সুযোগ-সুবিধা না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই গোয়াইনঘাট উপজেলা বিএনপির এক সদস্য, উপজেলা শ্রমিক দলের এক নেতা এবং সিলেট জেলা ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন থানার সামনে অবস্থান ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়। এ ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের এক নেতার নামও আলোচনায় এসেছে।
এ বিষয়ে জানতে ওই বিক্ষোভে থাকা পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, ‘প্রশাসন কিংবা স্থানীয় দায়িত্বশীল কাউকে না জানিয়ে কিছু লোক ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান ও আইনের শাসনে বিশ্বাসী। থানা বা নিরাপদ স্থানে এ ধরনের উত্তেজনা ও ভাঙচুরের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘একদল লোক থানার সামনে এসে স্লোগান দিয়েছে এবং মব সৃষ্টির চেষ্টা করেছে। তারা এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তবে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। মূলত অবৈধ সুবিধা না পাওয়া এবং ব্যক্তিগত আক্রোশের জেরেই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে।’
আপনার মন্তব্য