নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৬ ২১:০০

অবশেষে জানুয়ারিতে চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল অবশেষে জানুয়ারিতে চালু হচ্ছে। তবে প্রথমঅবস্থায় কেবল বর্হিবিভাগ (আউটডোর) সেবা চালু হবে।

শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন তথ্য জানিয়েছেন।

শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

এরআগে সেপ্টেম্বরের শুরুতে সিলেটে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন এই হাসপাতাল। নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও এতোদিন এটি চালু করা যায়নি। প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাস ভেঙে নির্মাণ করা এ হাসপাতাল। ২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর এই জেলা হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত অধিদপ্তর হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। ২০২০ সালের জানুয়ারিতে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।


শনিবারের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মন্ত্রী জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।

তিনি বলেন, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে।

আপনার মন্তব্য

আলোচিত