শ্রীমঙ্গল প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২৬ ২০:৫৫

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ইশতেহার ছাড়াই ভোটের মাঠে প্রার্থীরা, শ্রমিকদের ক্ষোভ

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সারাদেশে নির্বাচনে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চাইতে শ্রমিকের দুয়ারে জাচ্ছেন প্রার্থীরা, কিন্তু শ্রমিকের দাবি-দাওয়ার লিখিত প্রতিশ্রুতি দিতে এখনো প্রস্তুত নন কেউই।

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হলেও ইশতেহার নিয়ে তৈরি করেনি কোনো প্যানেল।

ভোটের প্রচারণার পাশাপাশি প্রার্থীদের কাছে শ্রমিকদের অন্যতম দাবি একটি লিখিত নির্বাচনী ইশতেহার। শ্রমিকরা চান, নির্বাচিত হলে তাঁদের জন্য কী কী কাজ করা হবে, সে বিষয়ে প্রার্থীরা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্যানেলই তাদের ইশতেহার প্রকাশ করেনি।

এবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, আমরা কীভাবে ইশতেহার দেব, সেখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা করছি। আমাদের প্রচারণার সময়ও খুব কম। তারপরও দ্রুত সময়ের মধ্যে একটি ইশতেহার প্রকাশের চেষ্টা করব।

অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে একটি ইশতেহার প্রকাশের পরিকল্পনা করেছি। তবে এমন কোনো প্রতিশ্রুতি ইশতেহারে রাখতে চাই না, যা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ, প্রতিশ্রুতি দিয়ে পরে তা বাস্তবায়ন করতে না পারা লজ্জাজনক। তাই চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই আমরা একটি ইশতেহার তৈরির চেষ্টা করছি।

স্থানীয় চা শ্রমিক বৃটিশ ঘাটোয়াল বলেন, চা শ্রমিকরা শুধু চা উৎপাদনের শ্রমিক নন; দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম কারিগর। অথচ যুগের পর যুগ চা শ্রমিকরা ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। বর্তমান উর্ধ্বগতির বাজারে মাত্র ১৮৭টাকা মজুরি দিয়ে দু'বেলা ডাল-ভাতেরও ব্যবস্থা করা যায় না।

এ অবস্থায় কিছুদিন আগে ৫'শ টাকা মজুরি ও ৫% গেজেট বাতিলের দাবিতে আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলন গড়ে তুলেছিলাম। আন্দোলন চলাকালেই নির্বাচনের ঘোষণা দেয়া হয়। রাজপথের এ আন্দোলনের পাশাপাশি নির্বাচনকেও আমরা চা শ্রমিকদের অধিকার আদায়ের মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাই, তিনি যোগ করেন।

মহিলা চা শ্রমিক দুখিয়া রবিদাশ বলেন, চা শ্রমিকরা শুধু মজুরি বৈষম্যের শিকার নন, একই সাথে মৌল মানবিক অধিকার থেকেও বঞ্চিত। আজ পর্যন্ত চা শ্রমিকদের কোন ভুমির অধিকার দেয়া হয়নি। শিক্ষা,স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়। সিলেটের কোন বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নামে হাসপাতাল থাকলেও বিশেষ কোন আয়োজন নেই। প্রশিক্ষিত নার্স বা মিড ওয়াইফ নেই। বছরের পর বছর গেলেও অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা হয়না। ওজনে ঠকানোসহ শ্রমিকদের সাথে নানান অনিয়ম করা হয়। সেকশনে খাবার পানি, টয়লেট না থাকায় নারী শ্রমিকদের বিপাকে পড়তে হয়। শ্রম আইনের বহু অগণতান্ত্রিক ধারা চা শ্রমিকদের আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছে। চেষ্টা চলছে চা বাগানের জমিতে 'সোলার প্যানেল', 'মশলাচাষ'সহ বিভিন্ন প্রজেক্ট চালুর। যা চা বাগানের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।

আরেক চা শ্রমিক মহিমা উরাং বলেন, এই অবস্থায় চা শ্রমিকদের স্বার্থ নিয়ে লড়াই গড়ে তোলার কোন বিকল্প নেই। আমরা বার বার দেখেছি, আপোষকামী, সুবিধাবাদী ও মালিক স্বার্থের প্রতিনিধিত্বকারী নেতারা কখনো লড়াইয়ের পথে যান না। বর্তমান বাচাশ্রই নির্বাচনে আপোষহীন, লড়াকু ধারার নেতৃত্বকে চিনে নিতে না পারলে আবারও চা শ্রমিকদের স্বার্থ বিপন্ন হবে।

চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, ইশতেহারে এসব দাবী রাখা যেতে পারে যেগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেগুলো হলো চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ ও পূর্ণাঙ্গ রেশন চালু। ভূমির আইনি অধিকার নিশ্চিত ও চা বাগানের জমিতে চা শিল্প বিরোধী অন্য প্রজেক্ট চালুর ষড়যন্ত্র বন্ধ, ঐতিহাসিক ২০মে 'মুল্লুক চলো' আন্দোলনে শহীদ চা শ্রমিক স্মরণে সিলেট ভ্যালিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ। দিবসটিকে 'চা শ্রমিক দিবস' হিসবে রাষ্ট্রীয় স্বীকৃতি, স্ববেতন ছুটি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, সেকশনে বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশনের ব্যবস্থা করা। কীটনাশক প্রয়োগকারী শ্রমিকদের জন্য মাস্ক,গ্লাভসসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা। পি.এফ-এর টাকা দ্রুত পরিশোধ এবং আইন অনুযায়ী পেনশনের টাকা ৩০দিনের মধ্যে পরিশোধের ব্যবস্থা কার্যকর করা। সিলেটে ভ্যালি অফিস নির্মাণ। প্রতি ৩মাস পর পর শ্রমিকদের টাকার হিসাব প্রদানে ওয়েবসাইট চালু। ভ্যালির প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু,শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষিত চা শ্রমিক সন্তানদের যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে বাগানের বি়ভিন্ন পদে নিয়োগ।

তিনি বলেন, প্রতিটি ভ্যালির প্রতিটি বাগানে এমবিবিএস ডাক্তার, প্রশিক্ষত নার্স ও মিডওয়াই নিয়োগ ও এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। ভ্যালিতে চা শ্রমিকদের জন্য ১শ আসনের আধুনিক হাসপাতাল নির্মাণ। সিলেটে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনে চা শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা বাতিল এবং সকল চুক্তি বাংলায় সম্পাদন করা। কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করা।চা শ্রমিকদের ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, খেলার মাঠ ও সরঞ্জাম নিশ্চিত করা।

শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত বলেন, ইশতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, প্রার্থীরা বা তাঁদের প্যানেল যখন নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন, তখন সেখানে দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে তাঁদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। ইশতেহারে তাঁরা কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন, তার ভিত্তিতেই শ্রমিকেরা প্রার্থী নির্বাচন করতে পারবেন।

তিনি বলেন, প্রত্যেক প্যানেলেরই একটি লিখিত ইশতেহার প্রকাশ করা উচিত। এতে নির্বাচনের আগে শ্রমিকদের দাবিদাওয়া ও প্রত্যাশার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রার্থীদের জবাবদিহি নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, প্রার্থীদের কেউ কেউ মনে করতে পারেন, ইশতেহার প্রকাশ না করলে ভবিষ্যতে প্রতিশ্রুতির বিষয়ে জবাবদিহি করতে হবে না। তাই সব প্যানেলেরই ইশতেহার প্রকাশ করা জরুরি। এতে শ্রমিকেরা তাঁদের প্রতিশ্রুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং ভবিষ্যতে জবাবদিহি নিশ্চিত করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত