০৩ মার্চ, ২০১৬ ২২:১০
জগন্নাথপুরে জাতীয় পার্টির সম্মেলন নিয়ে বিভক্ত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একই স্থানে পৃথক দুইটি গ্রুপ সম্মেলন আহবান করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পার্টির নেতাকর্মীরা জানান, জগন্নাথপুরে জাতীয় পার্টি তিন ভাগে বিভক্ত রয়েছে। পার্টির গ্রুপিং নিস্পত্তির লক্ষে জেলা জাপার নেতৃবৃন্দের হস্তক্ষেপে খলিলুর রহমান আহবায়ক ও সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়কসহ অন্যান্য সদস্যদের মেনে নিলেও সদস্য সচিব হিসেবে জহিরুল ইসলাম লাল মিয়াকে মেনে নেয়নি উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আছকিন খান গ্রুপ।
সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে লাল মিয়াকে বাদ দেয়ার দাবি জানিয়ে তারা অনেক আন্দোলন করেন। অবশেষে সম্মেলন প্রস্তুতি কমিটিকে তারা জগন্নাথপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ নিয়ে জাপার দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। আগামী ৫ মার্চ স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সম্মেলনের ডাক দেয় প্রস্তুতি কমিটি।
একই স্থানে একই দিনে পৃথক সম্মেলনের ডাক দিয়ে অডিটরিয়াম বরাদ্দ পাওয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আছকির খান গ্রুপের নেতাকর্মীরা। একই স্থানে দুইটি গ্রুপ একই দিনে সম্মেলনের ডাক দেয়ায় জাপা নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির জানান, অডিটরিয়ামটি একই দিনে দুই পক্ষকে বরাদ্দ দেয়া যাবে না। যারা আগে আবেদন করেছেন তাদেরকেই দেয়া হবে।
আপনার মন্তব্য