হবিগঞ্জ প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৬ ১৬:৪৩

বাহুবলে ৪ শিশু হত্যা : পুলিশের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, এসআই বরখাস্ত

ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রোববার পুলিশের গাফলতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়াকে বরখাস্ত এবং ওসি (তদন্ত) আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

পঞ্চায়েতের বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে আদালতে আসামীরা স্বীকার করে। লাশ উদ্ধারের পর থেকে বাহুবল থানা পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ করে আসছিলেন নিহতদের স্বজনরা। নিখোঁজ হওয়ার পর শিশুদের স্বজনরা বাহুবল থানায় গেলে, ওসি তাবিজ-কবচ করতে বলেন বলেও অভিযোগ করেছিলেন স্বজনরা।

এসব অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


দুই দফা তারিখ পরিবর্তনের পর রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলো।

আপনার মন্তব্য

আলোচিত