নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৪৬

জেলা ছাত্রদল নেতা রুবেলকে আটক করেছে র‌্যাব

সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেলকে আটক করেছে র‌্যাব। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিন্দাবাজারস্থ মিতালী মার্কেটের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৯ এর একটি বিশেষ টিম।

র‌্যাব সূত্রে জানাগেছে, আটকৃকক রুবেল দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত একটি মামলার এবং সিলেট জেলা আদালতে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী।

র‌্যাব জানিয়েছে- আশরাফ উদ্দিন রুবেল (৩২) বিশ্বনাথ সাতপাড়া গ্রামের আসব উদ্দিনের ছেলে। সে সিলেট জেলা ছাত্রদলের বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক ও একজন শীর্ষ সন্ত্রাসী। সিলেটের বিভিন্ন এলাকায় ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি-জামায়াত কর্তৃক আহুত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জ্বালাও-পোড়াও, গাড়ী ভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগ এবং সড়কপথে চলাচলরত গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে ব্যাপক ত্রাস সৃষ্টি করে।

র‌্যাব প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বিভিন্ন থানায় রুবেলের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিল।

ছাত্রদল নেতা রুবেলকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত