০৫ অক্টোবর, ২০১৬ ১৭:৪০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাহীদুল ইসলামের উপর বহিরাগত সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে পৌর শহরের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালিক। শিক্ষক ফারুক আহমদ ও রিয়াজুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র নাথ, সিনিয়র শিক্ষক সেলিম আহমদ, আশরাফ হায়দার, রশীদ আহমদ খান, অজিত চন্দ্র দাস, লুৎফুর রহমান চুন্নু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শিক্ষক মুহাম্মদ শাহীদুল ইসলামের উপর হামলাকারীদের সনাক্ত ও তাদের ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির বরাবরে স্মারকলিপি প্রেরণ করেন।
আপনার মন্তব্য