০৫ অক্টোবর, ২০১৬ ২০:১৪
আর মাত্র দু'দিন পরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব দুর্গাপূজা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পূজোকে সামনে রেখে জমে উঠেছে অভিজাত মার্কেট ও বিপণি বিতানগুলোর পূজার বাজার।
এদিকে, পূজায় নতুন জামা কাপড় কিনতে ফুটপাতসহ সর্বত্রই লেগেছে কেনাকাটার ধুম। নতুন কাপড়ের সাথে সাথে জুতার দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হচ্ছেন দোকানীরা।
পূজোর বাজারের অভিজাত মার্কেটগুলোর মধ্যে অন্যতম মার্কেট হচ্ছে- শ্রীমঙ্গল শহরের শাপলা সুপার মার্কেট, মিতালী ম্যানশন, মিদাদ শপিং সেন্টার, খাতুন ম্যানশন, নিউ মার্কেট, ফসিউর রহমান মার্কেট, পোস্ট অফিস রোডস্থ এম সাইফুর রহমার মার্কেটসহ অন্যান্য শপিং সেন্টারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এছাড়াও শ্রীলক্ষী বস্ত্রালয় ,লোকনাথ বস্ত্রালয়, গীতাশ্রী বস্ত্রালয়, এম.বি ক্লথ ষ্টোর ও বিলাস ডিপার্টমেন্টাল স্টোরেও দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
তবে রমজান মাসে শহরের ফুটপাত উচ্ছেদ এর কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে সবচেয়ে নিম্ন আয়ের সাধারণ মানুষদের। তাদের একমাত্র ভরসা নতুন বাজার পোস্ট অফিস রোডস্থ এম. সাইফুর রহমান মার্কেট। নিম্ন আয়ের মানুষরা ভিড় জমাচ্ছেন ওই মার্কেটের দোকানগুলিতে। অবশ্য পূজাকে সামনে রেখে অযৌক্তিকভাবে কাপড়ের মূল্যবৃদ্ধির অভিযোগ করেছেন ক্রেতারা। অভিজাত মার্কেটের দোকানিরা জানান, এবারের পূজায় ইন্ডিয়ান কাপড়ের চাহিদা বেশী। তাই তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকান সাজিয়েছেন। নিউ মার্কেটের পিয়াল ফ্যাশন এর মালিক স্বপন কুমার রায় জানান, মেয়েদের সবচেয়ে বেশী চাহিদার শীর্ষে আছে লেহেঙ্গা, স্কাট, বাজিরাও মাস্তানি ও সারামা স্কার্ট।
ইতিমধ্যে অনেক প্রবাসীরা পূজার ছুটি কাটাতে এবং তাদের প্রিয় আত্মীয়-স্বজনদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন। তারাও অভিযোগ করছেন পণ্য সামগ্রীর দামের ব্যাপারে। এ প্রসঙ্গে শ্রীমঙ্গল শাপলা মার্কেটে ঈদের শপিং করতে আসা রনু লাল রায়, সমীর বিশ্বাস, শংকর আদিত্য জানান পূজার আগে পোশাকের দাম স্বাভাবিক থাকলেও পূজার সময় ব্যবসায়ীরা বিভিন্ন পোশাকের দাম বাড়িয়ে দেন। ফলে ক্রেতাদের বাধ্য হয়ে কয়েকগুণ বেশিদামে পোশাক কিনতে হচ্ছে। শেষ সময়ে কাপড়ের দোকানগুলোতে পছন্দের কাপড় হয়তো নাও থাকতে পারে সেই ভয়ে ক্রেতারা আগেভাগেই পোশাক কিনে নিয়েছেন।
এবারের পূজার বাজারে মেয়েদের শাড়ি, থ্রী পিছ, সেলোয়ার-কামিজ, ফতোয়া, স্কার্ট-টপস, ছেলেদের মোদী প্যান্ট, মোদী শার্ট, লং ও শর্ট পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, জিন্স ও টি-শার্টসহ বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোশাকের সমাহার ঘটেছে বিভিন্ন পোশাক বিপণীতে।
আইন শৃঙ্খলার ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইন-চার্জ মো. মাহবুবুর রহমান জানান, পূজা উপলক্ষে মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে কেনাকাটা করতে পারে এর জন্য প্রত্যেক মার্কেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের প্রত্যেকটি এলাকায় মটর সাইকেল দিয়ে টহল দেওয়া হচ্ছে এবং সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশের নিয়মিত টহল অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য