০৫ অক্টোবর, ২০১৬ ২১:৩০
সিলেট সদর উপজেলা ৮নং কান্দিগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাধেআলী গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় বাধেআলী গ্রামের হাজী সাজ্জাত মিয়া বাড়ীতে ১৫/২০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।
জানা যায়, কান্দিগাও আওয়ামীলীগ নেতা হাজী সাজ্জাত মিয়ার বাড়ীতে মুখোশপরা ডাকাত দল গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ এবং অস্ত্রের মুখে, ১টি মটর সাইকেল (সিলেট থ-১৩-১০২৯) এবং মটর সাইকেলের কাগজসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ডাকাতির খবর নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য