শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৬ ১৯:৫২

শ্রীমঙ্গলে রেলওয়ের জমি অবৈধ দখল থেকে মুক্ত করতে অভিযান শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ের ২ দশমিক ৮৭ একর ভূমি দীর্ঘদিন ধরে দখলে থাকা জায়গা সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী রেলকর্তৃপক্ষ পাওয়ার পর থেকে সেই ভূমি ছাড়াও অন্যান্য দখলে থাকা জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া বেলা ৩টা পর্যন্ত চলা এ অভিযানে উক্ত ভূমির ০.৫৬ একর জায়গার একটি অংশ অবৈধভাবে দখলকৃত মুক্তিযোদ্ধা কৃষি নার্সারি প্রকল্পের নামে স্থাপনা উচ্ছেদ করতে গেলে প্রথমে সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলেন রেল কর্তৃপক্ষ।

এ সময় মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া কয়েকজন ব্যক্তির সাথে স্থানীয় কিছু লোক অংশ নিয়ে রেল পুলিশ ও অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপর চড়াও হন। এদিকে মুক্তিযোদ্ধা ও রেল কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা চলাকালে দখলকৃত জমির প্রধান ফটকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গিয়ে দেয়া হয়। এসময় উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ওই জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়ানো হয়। খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার এসএম রেজাউল করিম বলেন, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। আপাতত আমরা মার্ক করে দিচ্ছি। পরে বুল্ডোজার দিয়ে সবগুলো উচ্ছেদ করে বাণিজ্যিকভাবে যারা লাইসেন্সপ্রাপ্ত তাদের বুঝিয়ে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের নার্সারির ব্যাপারে তিনি বলেন, তারা একটি আবেদন করেছিল। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

এদিকে নার্সারির নামে রেলের জমির অবৈধ দখল ধরে রাখতে ধস্তাধস্তির পর তারা রাস্তায় শুয়ে পড়ে। পরে নার্সারির প্রবেশদ্বারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে। এনিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনসাধারণের মধ্য তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত