ছাতক প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৬ ১৯:০৬

ছাতকে আল-আমিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জাউয়া বাজার ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্র আল-আমীন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

জাউয়া বাজার ডিগ্রী কলেজ গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কর্মচারীবৃন্দের যৌথ উদ্যোগে বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে কলেজ সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহীদ, অভিভাবক আব্দুল মছব্বির, আইয়ুব মিয়া, নিহত আল-আমিনের পিতা আনফর আলী কাচা মিয়া, আব্দুস সোবহান, সহকারি অধ্যাপক শিব্বির আহমদ, জয়াধর রুবী, অজয় কুমার দাশ, প্রভাষক বিলকিছ সুলতানা, সমর কুমার সরকার, নীল মাধব সিংহ, শ্যামা প্রসাদ দাশ, সোমা চক্রবর্তী, মুজিবুর রহমান, আরশ আলী, সুমন খান ও মৃত্যুঞ্জয় দাশ।

বক্তারা আল-আমিনের হত্যাকারী পলাতক আসামি আজিজুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

উল্লেখ্য ১৭ অক্টোবর দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে সহপাঠী কলেজ ছাত্র আক্কাস আলী ও তার সহযোগীদের ছুরিকাঘাতে নিহত হয় জাউয়া বাজার ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র আল-আমিন। এ ঘটনায় নিহতের পিতা আনফর আলী ওরফে কাঁচা মিয়া বাদী হয়ে আক্কাস আলী সহ ৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা (নং-২১) দায়ের করেন। মামলার প্রধান আসামি আক্কাস আলী ও সাইদুল ইসলাম বর্তমানে জেল হাজতে এবং অপর আসামি আজিজুল ইসলাম পলাতক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত