নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৬ ২১:১১

খাদিজাকে কোপানোর ভিডিও গণমাধ্যমে প্রচার না করার আহ্বান ভাইয়ের

ভাই শাহিনের সাথে খাদিজা। ছবিটি শাহিনের ফেসবুক থেকে নেওয়া

কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর ভিডিও গণমাধ্যমে বারবার প্রচার না করার অনুরোধ জানিয়েছেন তাঁর বড় ভাই শারমান হক শাহিন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ভিডিওটি প্রচার না করতে অনুরোধ জানান তিনি।

শারমান হক শাহিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটমককে বলেন, খাদিজাকে চাপাতি দিয়ে কোপানোর ভিডিও বিভিন্ন গণমাধ্যমে এখনো প্রচার করা হচ্ছে। এই ভিডিওটি দেখার পর আমাদের পরিবারের সদস্যরাই অসুস্থ হয়ে পড়েন। তারা মানসিকভাবে আরো ভেঙ্গে পড়েন।

ফলে তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের কথা বিবেচনা করে গণমাধ্যমে এই ভিডিওটি প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে শাহিন বলেন, একান্ত প্রয়োজনবোধে খাদিজাকে কোপানোর অংশটুকু ব্লার (ঝাপসা) করে প্রচার করা যেতে পারে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নৃশংস ভিডিও ঝাপসা না করে প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবি'র ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে কোপানোর দৃশ্য মোবাইলফোনে ধারণ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শাহিন বলেন, খাদিজার স্বপ্ন বড় হয়ে ব্যাংকার হবে। তাই দূরের গ্রামের বাড়ি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন কলেজে আসতো।

তিনি বলেন, গত বছর খাদিজার বিয়ের সম্বন্ধ এসেছিলো। কিন্তু পড়ালেখার প্রতি তাঁর আগ্রহের কারণে সেই আলাপ আর এগোয়নি।

খাদিজা সুস্থ হয়ে তাঁর স্বপ্ন পূরণ করতে পারবে বলে আশা শাহিনের।

চীনে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত শারমান আহমদ শাহিন বোনের আক্রান্ত হওয়ার খবর পেয়ে দেশে আসেন। মেয়ের সঙ্কটকালীন সময়ে পাশে থাকতে দেশে ফিরেন তাদের সৌদি প্রবাসী বাবা মাসুক মিয়াও।

খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে শাহিন বলেন, তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। কিছুদিন পর বাম হাতেও অস্ত্রোপচার হবে।

আপনার মন্তব্য

আলোচিত