২০ অক্টোবর, ২০১৬ ১৯:৫২
সিলেট নগরীর রামেরদিঘীর পাড় এলাকার একটি মন্দিরের দেবতার ছবির উপর সুন্নী মহাসমাবেশের পোস্টার সাঁটানোর অভিযোগ করেছেন ওই মন্দিরের সেবায়েত। রামেরদিঘীর পাড় এলাকার শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউড় মন্দিরে বুধবার রাতে এই পোস্টার সাঁটানো হয় অভিযোগ তাঁর।
ওই মন্দিরের সেবায়েত, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট সিলেট বিভাগের টাস্ট্রি চন্দন রায় বলেন, এটি আমাদের পারিবারিক মন্দির, যা শতবর্ষের প্রাচীন। আমরা পাঁচ ভাই এই মন্দিরের সেবায়েতের দায়িত্বে রয়েছি।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে মন্দিরের আরেক সেবায়েত আমার বড় ভাই প্রতেশ রায় মন্দিরের দেয়ালে টাইলাস দিয়ে লাগানো রাধা-কৃষ্ণের ছবির উপর সুন্নী মহাসমাবেশের পোস্টার সাঁটানো দেখতে পান।
চন্দন অভিযো্গ করে বলেন, পুরো রামেরদিঘীর পাড় এলাকায় আর কোথাও এই সমাবেশের পোস্টার সাঁটানো নেই। অথচ আমাদের বাসার ভেতরে মন্দিরের দেবতার ছবির উপর পোস্টারটি সাঁটানো হয়েছে। এতে মনে হচ্ছে, প্রতিহিংসাবশতঃ কিংবা আমাদের ভয় দেখানোর জন্য এই কাজটি করা হয়েছে।
মন্দিরের দেয়ালে সাঁটানো পোস্টার থেকে জানা যায়, আহ্বলে সুন্নাত ওয়াল জমা'আত সমন্বয় কমিটি এই সুন্নী মহাসমাবেশের আয়োজন করেছে। ১২ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
'সন্ত্রাস ও জঙ্গিবাদে বিরুদ্ধে জনমত তৈরি, বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধের দাবি ও ইসলামের শান্তির বাণী সর্বস্তরের জনতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য' এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলে পোস্টারে উল্লেখ রয়েছে।
আপনার মন্তব্য