নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০১৬ ২০:০৬

সিলেটে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ২ নভেম্বর থেকে

সিলেটে আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্প। এতে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব জালালাবাদ আয়োজিত ‘রোটাপ্লাস্ট মিশন-২০১৬’ নামে এই চিকিৎসা সেবায় আমেরিকা থেকে আগত স্বেচ্ছাসেবী চিকিৎসকরা অস্ত্রোপচার করবেন।

রোববার (৩০ অক্টোবর) সিলেট নগরীর মানিকপীর (র.) রোডে ক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জালালাবাদ রোটারি হাসপাতালের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও রোটাপ্লাস্ট-২০১৬ এর প্রধান সমন্বয়ক পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেন, আগামী ১ নভেম্বর সিলেটে আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সরা আসবেন। ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এ ক্যাম্পে প্লাস্টিক সার্জারি করা হবে। কার্যক্রমটি চলবে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি জানান, বুধবার (০২ নভেম্বর) দিনভর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে রোগী বাছাই করা হবে। এছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফোন করে কিংবা সশরীরে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করা যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জালালাবাদের ডিস্ট্রিক্ট গভর্নর শহীদ আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট সৈয়দ মুজাক্কির।

আপনার মন্তব্য

আলোচিত