৩০ অক্টোবর, ২০১৬ ২১:২৩
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। ‘কন্যা শিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (৩০ অক্টোবর) হবিগঞ্জ জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
এ উপলক্ষে সকালে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে জেলার সকল শ্রেনী পেশার প্রায় ৫ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট বিভাগকে বাল্য বিয়ে মুক্ত করার কর্মপরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জ জেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হল। বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, কাজী ও এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোচনা করেন। বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার ও বিরত থাকতে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের শপথ বাক্য ‘আসুন সবাই শপথ করি, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ি’ পাঠ করান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকা, ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কালচারাল অফিসার অসিত বরন দাশ ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন আরা।
আপনার মন্তব্য